গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে বহিষ্কার করেছে গাজীপুর জেলা ছাত্রদল।
রিজভী শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মনির হোসেনের ছেলে। এ ঘটনায় রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারকে অভিযুক্ত করে ভুক্তভোগী কলেজছাত্রীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে রিজভীকে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর সকালে পিয়ার আলী কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বাড়ির সামনের একটি দোকানে কেনাকাটা করতে যান। এ সময় রিজভী কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন। ছাত্রী দোকানের সামনে গেলে তাকে টেনে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
স্বজনদের অভিযোগ, কলেজে যাওয়া-আসার পথে রিজভী দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি রিজভীর বাবা-মাকে জানানো হলে তারা ছেলেকে শাসন না করে উল্টো ওই ছাত্রীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেন। তবে পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
এ বিষয়ে বক্তব্য জানতে রিজভীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
শ্রীপুরের মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই অভিযান চালানো হচ্ছে। স্বজনদের দেখানো বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এখনো ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
