দুর্গাপুজোর পাস বিক্রির নামে প্রতারণা, ইন্দ্রনীল সেনকে ইডির জিজ্ঞাসাবাদ

দুর্গাপুজোর পাস বিক্রির নামে প্রতারণা, ইন্দ্রনীল সেনকে ইডির জিজ্ঞাসাবাদ

ফন্ট সাইজ:

কলকাতার দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ বা পুজো পরিক্রমার নামে ইউনেস্কোর নাম ও লোগো বেআইনিভাবে ব্যবহার করে চড়া দামে এন্ট্রি পাস বা টিকিট বিক্রি করে ৫০ থেকে ৬০ কোটি রুপি দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইডি) দফতরে বুধবার দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাবেক তৃণমূল কংগ্রেস মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। একদিন আগেই তার বাড়ি ও বাগানবাড়ি সহ ব্যবসায়িক অংশীদার ও আত্মীয়স্বজনের বাড়িতে ইডি সারাদিন ধরে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি ও বেআইনি লেনদেনের কাগজপত্র উদ্ধার করেছে। কেন্দ্রীয় তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পায়।

তারপরই ‘মাস আর্ট’ নামে সংগঠন তৈরি করে তারা নিজেদের ইউনেস্কোর ‘অফিশিয়াল পার্টনার’ বলে দাবি করে দুর্গাপুজোর প্রচারে নেমেছিল। শুরু হয় পুজো পরিক্রমার পাস বিক্রি। কিন্তু চড়া দামে বিক্রি করা সেসব পাস ছিল আদতে ভুয়া। এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেন। এইভাবে ৫০ থেকে ৬০ কোটি রুপির দুর্নীতি হয়েছে বলে ইডির অভিযোগ। জানা গিয়েছে, প্রতারণার শিকার হয়ে জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি বউবাজার থানায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং বা আর্থিক তছরূপের মামলা দায়ের করেন জুন মাসে। যদিও সেসময় ইন্দ্রনীল সেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশও তদন্ত করছে। পাশাপাশি ইডিও তদন্ত শুরু করেছে অর্থ তছরুপের অভিযোগে।