“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি সুস্থ, সবল ও সুন্দর জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় প্রথমবারের মতো আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ২২ সেপ্টেম্বর প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকার ১২টি পুরুষ ও ৭টি নারী দলসহ মোট ১৯টি কমিউনিটি পুলিশ কাবাডি দল এতে অংশ নেয়।
প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরুষ ও নারী উভয় বিভাগেই কোতয়ালী মডেল থানা কমিউনিটি পুলিশ কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
তিনি বলেন, তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে তাদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সহজ হবে। কাবাডির মতো দেশীয় খেলাকে জনপ্রিয় করার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকেরা জানান, কুমিল্লায় প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজনের মূল লক্ষ্য ছিল পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা। একই সঙ্গে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য জনসম্পৃক্ততা বাড়ানো।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, প্রতিযোগিতায় অংশ নেওয়া দলের খেলোয়াড়, সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
