চট্টগ্রামে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় কামরুল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর খুলশী থানার ওয়্যারলেস কলোনি কলোনির ৪ নম্বর সড়কের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে সড়কের পাশে ফুটপাতে সবজি বিক্রি করত। তাদের বসবাসও ওই এলাকায়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে খাবার খাওয়ার সময় পরিচিত কয়েকজন হৃদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তার ছুরিকাঘাত হওয়ার খবর পান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, হৃদয়ের সবজির দোকান ঘিরে টাকা আদায়কে কেন্দ্র করে কয়েকদিন আগে কয়েকজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছিল। ওই বিরোধ মীমাংসার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়েছিল বলেও স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন।
খুলশী থানার ওসি আব্দুর রহিম জানান, প্রাথমিকভাবে স্থানীয় কয়েকজন কিশোরের সঙ্গে বিরোধের জেরে হৃদয়কে ছুরিকাঘাতের তথ্য পাওয়া গেছে। ঘটনার পর অভিযান চালিয়ে কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার কামরুলকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
