চার দিনের বৃষ্টির অবসান। নাগোয়ার আকাশে অবশেষে ঝলমলে রোদ, আর সেই রোদের আলোতেই যেন স্বস্তির নিশ্বাস বাংলাদেশ শিবিরে। এতোদিন বৃষ্টির বাধায় অনুশীলন তো দূরের কথা, ম্যাচও খেলতে পারেনি লিটন দাসের দল। সেখানে আজ কোরোগি স্পোর্টস পার্কে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে ঘাম ঝরিয়ে প্রস্তুতি সেরেছেন ক্রিকেটাররা। চার দিন পর মাঠে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পেরে স্বস্তি ফিরেছে তাঁদের মাঝেও। অনুশীলন শেষে সেই স্বস্তির কথাই জানালেন ইয়াসির আলী রাব্বি।
বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে দুপুর ১২টায়।
এশিয়াডে পদকের প্রত্যাশায় শক্তিশালী দল নিয়েই নাগোয়ায় পৌঁছেছে বাংলাদেশ। বৃষ্টি মাথায় নিয়েই শুক্রবার এখানে পৌঁছান লিটন-মোস্তাফিজরা। এরপর থেকেই প্রায় হোটেলবন্দি দল। রোববার ও সোমবার মাঠে এলেও বৃষ্টির বাধায় সেভাবে অনুশীলন করতে পারেনি। মঙ্গলবার বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালও পরিত্যক্ত হয়েছে। ফলে সেমিফাইনাল নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। তবে আজকের রোদ সেই শঙ্কা অনেকটাই দূর করেছে।
কোরোগি স্পোর্টস পার্কের এক কোণে অনুশীলন শেষে রাব্বি বলেন, ‘দেখেন, এখানে আসার পর বৃষ্টির কারণে আমরা ঠিকঠাক অনুশীলন করতে পারিনি। ম্যাচটাও খেলতে পারিনি। তবে আজকের আবহাওয়া দেখে ভালো লাগছে। এখানে আজই প্রথম রোদ দেখলাম। আশা করি কালকেও ভালো একটা আবহাওয়া পাব। ভালো একটা ম্যাচ হবে আশা করছি।’
হাংঝু এশিয়ান গেমসের দলেও ছিলেন ইয়াসির আলী রাব্বি। শেষ ওভারে তাঁর ব্যাটিংয়ে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবার অবশ্য সেমিফাইনালেই সেই পাকিস্তানকে পেয়েছে বাংলাদেশ। তবে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে দল। অসুস্থতার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত।
শান্তর অনুপস্থিতি নিয়ে রাব্বি বলেন, ‘এটা আনফরচুনেট। ওকে চলে যেতে হচ্ছে। আমাদের সামনে এগোতে হবে। ব্যাটিং অর্ডার যা আছে, আমাদের এগিয়ে যেতে হবে।’
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল এখনো জাপানে ম্যাচ খেলেনি। তাই সেমিফাইনালের আগে উইকেটও ছিল কৌতূহলের বিষয়। আজ উইকেট দেখে রাব্বি বলেন, ‘উইকেট দেখেছি, ভালোই। আশা করি ভালো উইকেটেই আমরা খেলব।’
বাংলাদেশ পূর্ণ শক্তির দল পাঠালেও পাকিস্তান পূর্ণাঙ্গ জাতীয় দল দেয়নি। তবে প্রতিপক্ষকে খাটো করে দেখছেন না রাব্বি। তাঁর ভাষায়, ‘নড়বড়ে দল বলব না। তারাও ভালো দল। আমরা নিজেদের সেরাটা খেলতে চাই। যারা ভালো খেলবে, তারাই জিতবে। পরিকল্পনা তো সব ম্যাচ নিয়েই থাকে। আমরা আমাদের পরিকল্পনা নিয়েই নামব।’
পাকিস্তানকে হারালে বাংলাদেশের অন্তত রৌপ্যপদক নিশ্চিত হবে। হারলে ব্রোঞ্জের জন্য লড়তে হবে। তাই সেমিফাইনালের গুরুত্বও কম নয়। ম্যাচের পরিকল্পনা নিয়ে রাব্বি অবশ্য বেশি কিছু বলতে চাননি। শুধু বলেছেন, ‘আমাদের সব সময় ইতিবাচক খেলা উচিত। বাকিটা আবহাওয়া ও উইকেটের ওপর নির্ভর করবে।’
এরআগে ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে সোনা জিতেছিল বাংলাদেশ। ২০১৪ সালে ইনচনে রুপা ও ২০২৩ সালে হাংঝুতে ব্রোঞ্জ জেতে তারা।
