কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ আটক

অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ আটক

ফন্ট সাইজ:

কুমিল্লার ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জানা যায়, কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন বিভিন্ন স্থানকে চিহ্নিত করে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। 

পুলিশ জানিয়েছে, অভিযানে আটক ৩৭৯ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ‘কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, এর আগে তিন দফার অভিযানে মোট ১ হাজার ৩৫৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৮৭৪ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।