প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর বঙ্গভবনে এটি ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ। রেওয়াজ অনুযায়ী বিদেশ সফর শেষে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রেসিডেন্টের প্রেস সচিব মো. সর?ওয়ার আলম। বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে প্রেসিডেন্ট তাকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।
প্রেস সচিব জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী সামপ্রতিক যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ এবং সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের মহাসচিব ও শীর্ষ কর্মকর্তা, আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকসহ সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে দেয়া ঐতিহাসিক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি ভাষণটিকে ‘দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক’ হিসেবে উল্লেখ করেন।
প্রেসিডেন্ট বলেন, ভাষণটিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থানও সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত ও সুদৃঢ় করার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ছাড়া দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক সমপ্রসারণ ও শক্তিশালী করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। এ সময় তারা জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রেসিডেন্ট বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান বলেও জানিয়েছেন প্রেস সচিব।
ওদিকে গতকাল বঙ্গভবনে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি। এসময় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, জ্বালানি ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ তথ্য নিশ্চিত করে প্রেসিডেন্টের প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে সমপ্রতি নির্বাচিত হওয়ায় জাপানের সম্রাট নারুহিতোর অভিনন্দন বার্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হস্তান্তর করেন।
অভিনন্দন বার্তায় সম্রাট নারুহিতো প্রেসিডেন্টকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং একইসঙ্গে বাংলাদেশের জনগণের সুখ ও সফলতা কামনা করেন। প্রেসিডেন্ট অভিনন্দন বার্তার জন্য সম্রাটকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তার ও জাপানের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রেসিডেন্ট সম্রাটের সুস্বাস্থ্য, কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করেন।
অন্যদিকে মঙ্গলবার বঙ্গভবনে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সাক্ষাতে জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।
এ তথ্য নিশ্চিত করে প্রেস উইং জানায়, সাক্ষাতে প্রেসিডেন্ট বলেন, এআই যাতে নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি উল্লেখ করেন, এআই-এর অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভাকে হ্রাস করছে। তাই জনকল্যাণে ও পরিমিত মাত্রায় এর ব্যবহার নিশ্চিত করা জরুরি। এ সময় উপাচার্য (ভিসি) কুয়েটের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস প্রদান করেন।
