ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে তিনি জানিয়েছেন, বর্তমানে তাদের মূল লক্ষ্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ।
বুধবার নয়াদিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের বৈঠক আহ্বান কথা হয়েছে। ডিএমকে ছাড়া সব বিরোধী দল এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে।বৈঠকের আগের দিনই রাজধানীর বুকে আরও একবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশান করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ জি’ বলে আক্রমণ করে তিনি বলেছেন, “আগামিকাল আমাদের বৈঠক আছে। সেখানে যা বলার বলব। তবে আপনারা জানেন আমাদের মূল লক্ষ্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।”
নির্বাচনে হারের পর থেকে মমতা দাবি করেছেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বিজেপির নির্দেশে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার 'ভোট চুরি' করেছেন।
জ্ঞানের কুমারকে অপসারণের লক্ষ্যে মমতা ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সিপিআইএমের সাধারণ সম্পাদক এমএ বেবির সঙ্গেও কথা বলেছেন । সেখানে মমতা না কি স্পষ্ট জানিয়েছেন, মানুষের স্বার্থের লড়াইয়ে কোনও রং দেখবেন না। সেই লক্ষ্যেই আগামিকাল বুধবার দিল্লিতে বৈঠকে বসতে চলেছে ‘ইন্ডিয়া’ ব্লক।
কংগ্রেস ওয়ার্কিং কমিটির মঙ্গলবারের বৈঠকে নেতারা নির্বাচন কমিশনের কথিত অনিয়মের বিরুদ্ধে রাহুল গান্ধীর আক্রমণের প্রতি সমর্থন জানান এবং একই সাথে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও শশী থারুরের মধ্যকার আলোচনা সভাটিকে প্রাণবন্ত করে তোলে। এই আলোচনায় বিষয়টিকে রাস্তায় নিয়ে যাওয়ার এবং রাজনৈতিক বার্তাকে আরও জোরালো করার দলের পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়েছে।
