প্যারিস মাতালেন ঐশ্বরিয়া

প্যারিস মাতালেন ঐশ্বরিয়া

ফন্ট সাইজ:

প্যারিস ফ্যাশন উইকে ফের নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। স্থানীয় সময় অনুযায়ী ২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক এই ফ্যাশন আয়োজনে ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে র‌্যাম্পে হাঁটেন তিনি। তার সাজ, উপস্থিতি ও আত্মবিশ্বাসী হাঁটা মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের। এদিন ঐশ্বরিয়ার পরনে ছিল কালো রংয়ের ভেলভেটের কর্সেটযুক্ত ফিশটেল গাউন। গাউনের সঙ্গে ছিল ক্রিস্টালখচিত কেপ। মাথায় হীরার টিয়ারা তার পুরো সাজে যোগ করে রাজকীয় আবহ। হালকা মেকআপের সঙ্গে ঠোঁটে ছিল তার পরিচিত লাল লিপস্টিক।

সবমিলিয়ে এদিনের সাজে ভিন্ন এক লুকে ধরা দেন অভিনেত্রী। র‌্যাম্পে হাঁটার পাশাপাশি ফ্যাশন শোর মহড়ার সময়ও ক্যামেরাবন্দি হন ঐশ্বরিয়া। সেখানে অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় তাকে। এ ছাড়া দীর্ঘদিন পর সহকর্মী ইভা লঙ্গোরিয়ার সঙ্গে তার দেখা হয়। দুই তারকার এই পুনর্মিলনও অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে। এবারের প্যারিস ফ্যাশন উইকের নবম আসরে ল’রিয়াল প্যারিসের আন্তর্জাতিক অ্যাম্বাসেডর হিসেবে বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকারা অংশ নেন। ঐশ্বরিয়া ছাড়াও ছিলেন ভায়োলা ডেভিস, কারা ডেলিভিঞ্জ, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েলসহ আরও অনেকে। নারীর ক্ষমতায়ন ও আত্মবিশ্বাসের বার্তা সামনে রেখেই আয়োজন করা হয় এবারের ফ্যাশন শো।