চার সিনেমায় সিয়াম মৃধা

চার সিনেমায় সিয়াম মৃধা

ফন্ট সাইজ:

দেশের জনপ্রিয় নায়িকা শাবনূরের হাত ধরেই চলচ্চিত্র জগতে এসেছিলেন এই প্রজন্মের অভিনেতা সিয়াম মৃধা। সোহানুর রহমান সোহানের একটি সিনেমাতে তার অভিনয়েরও কথা ছিল। সবকিছু প্রস্তুত ছিল। কিন্তু হঠাৎ পরিচালক মারা যাওয়ায় সিয়ামের স্বপ্নটা যেন থেমে যায়। নাটকে অভিনয় শুরু করেন সিয়াম। বেশ কিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেছেনও তিনি। তবে এরই মধ্যে সিয়াম জানালেন তিনি আগামী মাস থেকে অর্থাৎ অক্টোবর মাস থেকেই সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। ‘জাজ মাল্টিমিডিয়া’সহ আরও তিনটি প্রযোজনা সংস্থার তিনটি সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে চারটি সিনেমাতে অভিনয়ের ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন।

জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটির নাম ‘জানোয়ার’ এবং সিয়ামের আরেকটি সিনেমার নাম হলো ‘হলদে শাড়ি’। বাকি দু’টি সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। সিয়াম মৃধা বলেন, এই সময়টা আমি সিনেমাতে অভিনয়ের জন্যই নিজেকে প্রস্তুত করছি। আসলে আমি তো এসেছিলামই মূলত সিনেমাতে অভিনয় করতে। কিন্তু মাঝখানে ছন্দের পতন হলো, আমিও ব্যস্ত হয়ে উঠলাম নাটকে। কিন্তু আমার সবচেয়ে প্রিয় নায়িকা শাবনূর ম্যাডাম আমাকে যে স্বপ্ন নিয়ে সিনেমার জগতে এনেছিলেন, তা হলো না। তারপরও শাবনূর ম্যাডাম আমাকে নিয়ে আশা ছাড়েননি।

এখন তো আসলে ভয়ে তার সঙ্গে যোগাযোগও করি না। কারণ আমি এখনো নাটক করছি। সিনেমার কাজগুলো শুরু হোক, একে একে সিনেমাগুলো মুক্তি পাক। এরপর সাহস করে তাকে ফোন করে জানাবো যে, আমি সিনেমাতে কাজ শুরু করেছি, আপনি আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করার চেষ্টা করছি।