আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১ ড্র’য়ে পয়েন্ট তালিকার চারে টাইগাররা। এ চক্রে বাংলাদেশ আরও ছয়টি টেস্ট খেলবে। এর মধ্যে চলতি বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি এবং দক্ষিণ আফ্রিকায় গিয়ে দু’টি টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এই দুই সিরিজটিকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে ঘিরে বড় কোনো পরীক্ষা-নিরীক্ষায় যেতে চায় না তারা। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কথায় স্পষ্ট, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দু’টিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের যে টেস্ট সিরিজ আছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেটাকে বেশি গুরুত্ব দিয়ে এগোচ্ছি।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টোবরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে একটি প্রস্তুতি ম্যাচের সঙ্গে দুইটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৮ই অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। ২২-২৪শে অক্টোবর তিনদিনের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। খেলা শুরু হবে সকাল ১০টায়। ২৮শে অক্টোবর মিরপুরে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এখানেও খেলা শুরু হবে সকাল ১০টায়। ৫ই নভেম্বর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এবার ভেন্যু সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে টেস্ট ম্যাচ। এ বছর নভেম্বর-ডিসেম্বরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফর করবে। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। জোহানেসবার্গে ১৫ই নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিয়ানে শুরু হবে ২৩ নভেম্বর। এরপর সাদা বলের সিরিজ। ১-৭ ডিসেম্বর ইস্ট লন্ডন, গেবেখা ও কেপটাউনে তিনটি ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে- যথাক্রমে কিম্বারলি, বেনোনি ও সেঞ্চুরিয়নে। সেঞ্চুরিয়নে ১৮ বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ। এমন গুরুত্বপূর্ণ দুই সিরিজের আগে আসন্ন আফগানিস্তান টেস্টে তাই খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চায় না টাইগাররা। প্রধান নির্বাচক বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যাবো কি না— মনে হয় না। কারণ আমরা আফগানিস্তান টেস্ট ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজকে খুব সিরিয়াসলি নিচ্ছি। আমার মনে হয়, আমরা ভালো একটা মোমেন্টামে আছি। সেই মোমেন্টামটা নষ্ট করতে চাই না।’ তবে একেবারেই যে কাউকে দেখা হবে না, তা নয়। বাশার জানান, তিন-চারজন ক্রিকেটারকে সুযোগ দিয়ে যাচাই করার ইচ্ছা আছে নির্বাচকদের। তিনি বলেন, ‘আমরা অবশ্যই তিন-চারজন খেলোয়াড়কে দেখার চেষ্টা করবো। তবে আমাদের প্রথম অগ্রাধিকার থাকবে ম্যাচ কীভাবে জিতবো।’ দলের বেঞ্চ শক্তিশালী হওয়ায় বাড়তি স্বস্তিতে আছেন প্রধান নির্বাচক। সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের দল যখন অস্ট্রেলিয়ায় গেছে, নাহিদ তখন খুব ভালো করছিল, কিন্তু সে খেলতে পারেনি। শরিফুলও খেলতে পারেনি। তারপরও আমরা অস্ট্রেলিয়াকে অলআউট করেছি।’
