রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেয়ার ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুট হওয়া কিছু মালামালও উদ্ধার করা হয়েছে। রোববার রাতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের গুদারাঘাট থেকে এ দু’জনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানার পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো মো. মিন্টু (৩৫) ও মো. মিলন (৪০)। এ নিয়ে ভাঙচুরের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশসূত্রে সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ওইদিন রাতে ভাঙচুরে অংশ নিয়েছিলেন। ভাঙচুর শেষে তারা মালামাল লুট করে নিয়ে যান। দু’জনের মধ্যে মিন্টুর কাছ থেকে স্বাস্থ্যকেন্দ্রের টিনসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। আর মিলনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্টিলের দরজা। এর আগে ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০) নামের চার তরুণকে গ্রেপ্তার করে শাহ আলী থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার হয় ছয়জন। তারা হলো— মো. শাহাদাত হোসেন (৩৩), কাজী মকবুল হোসেন (৫৮), মো. শাহ আলম (৫৩), মো. আতিকুর রহমান (৩৩), মো. কামরুল ইসলাম (৫২) ও মো. শাকিল (২০)। তাদের মধ্যে পাঁচজনকে শাহবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। অন্যজনকে শাহ আলী থেকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। গত রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ওই মামলায় দারুসসালাম থানার বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে স্বাস্থ্যকেন্দ্রের লুট হওয়া আসবাব, টিকা, রেজিস্টার খাতা, ফ্রিজ, অফিসের কাগজপত্র, প্রিন্টার, জেনারেটরসহ ৪৬ ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে। মালামাল বহনকারী দুটি কাভার্ডভ্যানও আটক করা হয়।
