লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বুড়িমারী উফামারার কালুয়ার ছেলে লতিফ হক, পাটগ্রাম ভাঙ্গারদার মজিবর রহমানের ছেলে নুর আমিন ও মিশন মিয়া। এ ছাড়া রংপুর মেডিকেলে আরও একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। রিকশাটি ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে পাটগ্রাম থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে রিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে যায় এবং অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয় অন্তত সাতজন। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকিন নামে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪ জন। তারা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা। পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত চারজন নিহত ও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গছে। এদিকে বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় চারজনের নিহতের ঘটনায় শোক জানিয়েছে দুর্যোগ ও ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তারা জানান, নিহত ও আহত পরিবার সরকারি সহায়তা পাবে। দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
