মোহাম্মদপুরে দখল চাঁদাবাজির তিন ঘটনায় গ্রেপ্তার ১৪

ফন্ট সাইজ:

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখল চেষ্টার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছে ডিএমপি। অন্য ঘটনায় একইদিন নবীনগর হাউজিংয়ে একটি বাসায় সেনাবাহিনী ও র‌্যাব পরিচয়ে কিশোর গ্যাং নিয়ে প্রবেশ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আদাবরের বাড়িটিতে হামলার ঘটনা ঘটে গত শনিবার সকালে। রামদা, চাপাতি, পিস্তলসহ ১৫ থেকে ২০ জনের একটি দল এই হামলা চালায়। অভিযোগ, আটতলা বাড়িটি দখল করার চেষ্টা চলছে। বাড়ির মালিক আমিনুর রহমান খান একজন ব্যবসায়ী। ২০২৪ সালের ৫ই আগস্টের পরেও একবার বাড়িটি দখল করা হয়েছিল বলে জানিয়েছেন তার ভাতিজা মনির হোসেন। শনিবারের ঘটনায় গতকাল রাতে বাড়ির মালিক আমিনুর রহমান আদাবর থানায় মামলা করেন। মামলায় খুরশিদ আলম খান, হাবিবুল্লাহ ওরফে রাসেল, কালাম, কামরান হোসেন, মিজানুর রহমান, সজীব হোসেন, হাসিবুল হাসান ওরফে ইমন, তানভীরসহ ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা।
ওদিকে, চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়া ইব্রাহিম হোসেন ওরফে তালা ইব্রাহিম ঢাকা মহানগর উত্তর ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সোমবার দুপুরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদা দাবি ও মারধরের অভিযোগে এরইমধ্যে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী মো. রাতুল।

স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম ওরফে তালা ইব্রাহিম ২০২৪ সালের ৫ই আগস্টের পর বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা না দেয়ায় তালা লাগিয়ে দেন। এরপর অনেকে বাধ্য হয়ে প্রতিষ্ঠানকে তালা খুলতে চাঁদা দিতে হয়েছে। তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার চার্জশিটভুক্ত আসামি।