বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার বঙ্গভবনে প্রেসিডেন্ট ও চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
বাউবি’র প্রেস রিলিজ অনুযায়ী, সাক্ষাৎকালে বাউবি ভিসি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন আয়োজনের পরিকল্পনা, প্রস্তুতি ও সার্বিক বিষয়াদি চ্যান্সেলরকে অবহিত করেন। একই সঙ্গে সমাবর্তনের তারিখ ও সময় নির্ধারণের বিষয়ে সম্মতি কামনা করেন। এ সময় প্রেসিডেন্ট আগামী বছরের ২২শে মার্চ অনাড়ম্বর ও সুশৃঙ্খল পরিবেশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন আয়োজনের বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেন।
ভিসি’র প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন ও প্রটোকল অফিসার শেখ সাদেকুর রহমান। সাক্ষাৎকালে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাউবি’র বর্তমান একাডেমিক কার্যক্রম, শিক্ষা অবকাঠামো, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রেসিডেন্টের কাছে তুলে ধরেন।
প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় গুরুত্বসহকারে শোনেন এবং শিক্ষা কার্যক্রমের প্রসার, গুণগত মানোন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
