ইরানের মুদ্রা রিয়ালের মূল্য মার্কিন ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ভয়াবহ মূল্যস্ফীতি ও কঠোর নিষেধাজ্ঞার চাপে দেশটির অর্থনীতি যখন সংকটে, তখনই রিয়ালের এই বড় ধরনের দরপতন হলো।
ইরানের মুক্ত বৈদেশিক মুদ্রাবাজারের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাশিজি ডটকমের তথ্য অনুযায়ী, দেশটির মুক্তবাজারে মার্কিন ডলারের বিক্রয়মূল্য রেকর্ড সর্বোচ্চ ২৩ লাখ রিয়ালে পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্টের প্রশাসন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে নতুন এক দফা নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের মুদ্রার এই তীব্র অবমূল্যায়ন দেখা দিলো।
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাগুলোর লক্ষ্য হচ্ছে, আন্তর্জাতিক অর্থনীতিতে তেহরানকে আরও আর্থিকভাবে বিচ্ছিন্ন করা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বার্ষিক মূল্যস্ফীতির হার বেড়ে ৬১ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এক বছরের ব্যবধানে দেশটিতে খাদ্যপণ্যের দাম বেড়েছে ১২৮ দশমিক ১ শতাংশ।
