মোহাম্মদপুরে সেনাবাহিনী-র‍্যাব পরিচয়ে বাসায় ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

মোহাম্মদপুরে সেনাবাহিনী-র‍্যাব পরিচয়ে বাসায় ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

ফন্ট সাইজ:

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় সেনাবাহিনী ও র‍্যাব (বর্তমানে এসআরবি) পরিচয়ে কিশোর গ্যাং নিয়ে প্রবেশ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম ইব্রাহিম হোসেন ওরফে তালা ইব্রাহিম। তিনি ঢাকা মহানগর উত্তর ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মহানগর উত্তরের ৩৩ নম্বর ওয়ার্ড যুবদল কমিটির নানা অনিয়ম ও অভিযোগ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

মোহাম্মদপুরে নবীনগর হাউজিং এলাকার একটি বাসায় এ চাঁদা দাবির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রাতুল মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের ৭ নম্বর রোডের একটি বাসায় সেনাবাহিনী ও র‍্যাব পরিচয়ে ১৫-২০ জনের একটি দল প্রবেশ করে। এরপর বাসায় থাকা লোকজনকে জিম্মি করে। মারধর করে নগদ ১২ হাজার টাকা এবং ৪৫ হাজার টাকা মূল্যের হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ঘরে থাকা ব্যক্তিদের মারধর করে তারা।

আরও উল্লেখ করা হয়, চাঁদা নিতে আসা ব্যক্তিদের পরিচয় সন্দেহ হলে মোহাম্মদপুর থানার পুলিশকে কল করলে তারা ভুক্তভোগীকে হুমকি দিয়ে বাসা থেকে দ্রুত বের হয়ে যায়। বের হওয়ার সময় তারা বলে যায় যে, নিচে সেনাবাহিনী ও র‍্যাবের গাড়ি দাঁড়িয়ে আছে। ভুক্তভোগীকে গ্রেপ্তার করার জন্য বাসায় আসতেছে। এরপর তারা দ্রুত পালিয়ে গেলে ওই ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘চাঁদাবাজির মামলায় যুবদলের এক বহিস্কৃত নেতাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আইনানুগ ব্যবস্থার পর আদালতে সোপর্দ করবো।’