রাজধানীর কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পাটালী গ্রুপের ফরহাদ হত্যা মামলার শীর্ষ নেতৃত্বদানকারী সবুজ হোসেন আরমানকে (২১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি)। সোমবার ভোরে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত সামুরাই, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-২ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
এসআরবি জানায়, গত ১৫ সেপ্টেম্ববর রাজধানীর কেরানীগঞ্জের আরশিনগর এলাকার একটি সেলুনে ঢুকে আসামি আরমানসহ কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুড়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে পাটালি গ্রুপের ফরহাদকে গুরুতর জখম করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থেকে আরমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ভাড়া বাসায় তল্লাশি করে ৪টি সামুরাই উদ্ধার করে।
আরও জানানো হয়, পরবর্তীতে আরমানের দেয়া তথ্যমতে, মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় রাস্তার কাজে নিয়োজিত শ্রমিকদের অস্থায়ী টিন শেডে তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এর আগে গত ১৬ আগস্ট আরমান-শাহরুখ গ্রুপের শাহরুখকে গ্রেপ্তার করে এসআরবি।
নয়মুল হাসান বলেন, ‘আরমানের নামে মোহাম্মদপুর থানায় দাঙ্গা, চুরি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের ৫টি মামলা রয়েছে। এছাড়াও সে ইতোপূর্বে একাধিকবার গ্রেপ্তার হয়েছিল।’
