রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (রাড্ডা ক্লিনিক) হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ। বলেছেন, এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের বিষয়ে মন্ত্রী বলেন, ঘটনাটি সরজমিন পর্যবেক্ষণের জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ইতিমধ্যে ৯ জন আসামিকে গ্রেপ্তারসহ বেশ কিছু মালামাল ও আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সব অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী সে অপরাধীই। জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় এক বৈঠকে পুলিশি অভিযান প্রসঙ্গে মন্ত্রী বলেন, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু সদস্য একত্রিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় এবং জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে আটক করা প্রায় ২৮০ জনের মধ্যে বেশির ভাগকেই ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে ২৭ জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। কাউকে অযথা হয়রানি করার উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়নি বলে উল্লেখ করেন তিনি।
ককটেল বিস্ফোরণ ও রাজপথের আন্দোলন সম্পর্কিত এক নেতার সামপ্রতিক বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিয়ে কোনো মন্তব্য না করে সার্বিক বিষয়টি মূল্যায়নের দায়িত্ব তিনি সচেতন জনগণের ওপর ছেড়ে দেন। আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় একটি বিরোধপূর্ণ জমি (প্রায় ৩৫ কাঠা) নিয়ে নিউগিনি প্রপার্টিজ নামে একটি বিল্ডার্স গোষ্ঠী এবং একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার মধ্যে মালিকানা সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমিতে রাতের আঁধারে একপক্ষ দখল করতে গেলে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্টুডিও ভাঙচুরের শিকার হয়। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে এবং গুলির খোসাসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
এই ঘটনায় সালমান মুক্তাদিরের ফেসবুক লাইভে এসে বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে অভিযোগ করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভুক্তভোগী ব্যক্তি নিজেই স্বীকার করেছেন যে তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া ঢালাও অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই। ভুক্তভোগী লিখিত মামলা করলে পুলিশ গুরুত্বের সঙ্গে পুরো বিষয়টির সুনির্দিষ্ট তদন্ত সম্পন্ন করবে।
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি’র ভাইরাল হওয়া ঘটনাটি সম্পর্কে তিনি বলেন, কয়েকটি সংস্থার মাধ্যমে বিস্তারিত তদন্ত ও ফরেনসিক পরীক্ষা শেষে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বিভাগীয় কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ছাড়া তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছে। ওই সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
