রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাব সংলগ্ন গ্রীন রোডের মুখে এ ঘটনা ঘটে। এ সময় সায়েন্সল্যাব মোড় সংলগ্ন সবগুলো সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হাবিব নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ক্লাস শেষে ছুটির পর সায়েন্সল্যাব দিয়ে ঢাকা কলেজের বাস যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছোড়ে। এতে বাসের জানালার কিছু কাঁচ ভেঙে যায়।
খবর পেয়ে আমরা সায়েন্সল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করি। অন্যদিকে, আইডিয়াল কলেজের শিক্ষার্থী বলেন, আমরা নতুন শিক্ষার্থী। কলেজ শেষে বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের ওপর আক্রমণ করে। কী কারণে তারা এমন করলো তার কিছুই জানি না আমরা। আমাদের কলেজের বেশ কয়েকজন আহত হয়েছে। কয়েকজনের মাথা ফেটে গেছে। শওকত আলী নামে এই ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ করেই দেখি দুই কলেজের শিক্ষার্থীরা রাস্তার মাঝ দিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করছে। ফুটপাথের ওপর আইডিয়ালের এক ছেলেকে লাঠি দিয়ে কীভাবে মেরে রক্তাক্ত করলো ঢাকা কলেজের ছেলেগুলো। পরে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দিলো।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস বলেন, ঢাকা কলেজের বাস সায়েন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করে। ওই সময় ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থী আহত হয়েছে। অধ্যক্ষ বলেন, সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকে নিউমার্কেট ও ধানমণ্ডি থানার সঙ্গে যোগাযোগ করে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছিল। আমাদের শিক্ষকদেরও পাঠানো হয়েছিল যেন শিক্ষার্থীরা সংঘর্ষ থেকে বিরত থাকে। তারপরও এ ঘটনা ঘটলো।
তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার শওকত আলী বলেন, সাংঘর্ষিক কিছু হয়নি। ঢাকা কলেজের কিছু ছেলে বের হয়ে এসেছিল আইডিয়াল কলেজের উদ্দেশ্যে যাওয়ার জন্য। সেটা নিয়ে সামান্য উত্তেজনা দেখা দিয়েছিল। পরবর্তী সময়ে আমাদের হস্তক্ষেপে ও শিক্ষকদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, সংঘর্ষে আইডিয়াল কলেজের দু’জন ও ঢাকা কলেজের একজন আহত হয়েছে বলে শুনেছি। তিনি বলেন, আসলে তাদের ঝামেলার নির্দিষ্ট কারণ বলা কঠিন। আমরা শুনেছি আইডিয়াল কলেজের কেউ ঢাকা কলেজের বাসে ইট মেরেছিল। এরপর ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ধাওয়া করে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
