ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২২৫ জনে দাঁড়ালো। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, চট্টগ্রাম বিভাগে একজন ও বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি (৩৫৬ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ৩২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১, চট্টগ্রাম বিভাগে ৩৪৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭, বরিশাল বিভাগে ২২৭, রাজশাহী বিভাগে ১৭৬, ময়মনসিংহ বিভাগে ১৩২, রংপুর বিভাগে ৭৩ ও সিলেট বিভাগে ১২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১০৭ জন মারা গেছেন। এ সময়ে খুলনা বিভাগে ৪৪ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ২০, বরিশাল বিভাগে ১৭, চট্টগ্রাম বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুরে ৪ জন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।