এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। আগামীকাল নাগোয়ার নিশিন সিটির কোরোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি। প্রতিপক্ষ মালয়েশিয়া হলেও ম্যাচের আগে লিটন দাসদের বড় প্রতিপক্ষ- বৃষ্টি। ভারতের ক্রিকেটারদেরও এই বৃষ্টির মধ্যেই নাগোয়ার কোরোগি স্পোর্টস পার্কে অনুশীলন করতে দেখা গেছে।
শুক্রবার দুই ভাগে নাগোয়ায় পৌঁছে বাংলাদেশের ক্রিকেটাররা। শনিবার ছিল বিশ্রামের দিন। কিন্তু সকাল থেকেই নাগোয়ায় মুষলধারে বৃষ্টি হওয়ায় দিনভর হোটেলেই কাটিয়েছেন ক্রিকেটাররা। রাতে ছাতা হাতে কেউ কেউ অবশ্য খেতে বেরিয়েছিলেন। গতকালও দুপুর থেকে বৃষ্টি হয়েছে নাগোয়াতে। বৃষ্টির কারণে গতকাল সকালের নির্ধারিত অনুশীলন পিছিয়ে শুরু হয় দুপুর দেড়টায়। সেখানেও বাগড়া দিয়েছে বৃষ্টি। নেটে ব্যাটিংয়ের সুযোগ মিললেও ফিল্ডিং অনুশীলন ঠিকভাবে করতে পারেননি মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা। বৃষ্টির মধ্যেই পরে অ্যান্টি-করাপশন ক্লাসে যোগ দিতে স্টেডিয়ামের পাশের একটি ভবনে যেতে হয় ক্রিকেটারদের। বাংলাদেশ যখন কোনোরকম অনুশীলন সেরে অ্যান্টি-করাপশন ক্লাসে যাচ্ছিল, তখন বৃষ্টির মধ্যেই নেটে ঘাম ঝরাচ্ছিলেন ভারতের ঈশান কিষান, সূর্যকুমার যাদবরা।
অ্যান্টি-করাপশন ক্লাসে যাওয়ার আগে কোরোগি স্পোর্টস পার্কের এক কোণে বাংলাদেশ থেকে আসা সংবাদমাধ্যমের মুখোমুখি হন হেড কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। বৃষ্টির সঙ্গে ক্রিকেটের বৈরিতা নতুন নয়। নাগোয়ায় বাংলাদেশ নারী দলও ভালোভাবে অনুশীলন করতে পারেনি। চীনের বিপক্ষে তাদের কোয়ার্টার ফাইনালও বৃষ্টিতে ভেস্তে গেছে। এবার একই ভোগান্তিতে পড়েছে পুরুষ দল। তবে প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নেয়ার মানসিক প্রস্তুতি আছে বলে জানিয়েছেন কোচ সালাহউদ্দিন। তিনি বলেন, ‘আমরা মানসিকভাবে প্রস্তুত, এখানে এ রকম সুযোগ-সুবিধা থাকবে না।’
মালয়েশিয়াকে হারাতে পারলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা। ফলে ভারতকে ফাইনালের আগে পাচ্ছে না বাংলাদেশ। ফাইনালে উঠলেই অন্তত একটি পদক নিশ্চিত হবে। তবে এখনই পদকের হিসাব করতে চান না সালাহউদ্দিন। তার কাছে আগে গুরুত্বপূর্ণ মালয়েশিয়া ম্যাচ। তিনি বলেন, ‘আমরা আগে মালয়েশিয়ার বিপক্ষে খেলতে চাই। ম্যাচটা খেলা গুরুত্বপূর্ণ। কারণ, ৮-১০ দিন না খেলে বড় ম্যাচে নামা সহজ নয়।’ মালয়েশিয়াকে অবশ্য নতুন করে চেনার কিছু নেই বাংলাদেশের। ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে এই মালয়েশিয়াকেই হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেই অভিজ্ঞতা এবারও কাজে লাগাতে চান সালাহউদ্দিন। মালয়েশিয়ার ক্রিকেট সম্পর্কে তার ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে। তিনি বলেন, ‘গতবারের ম্যাচ সম্পর্কে আমি জানি। মালয়েশিয়ায় আমি কাজও করেছি। কিছুদিন আগে তারা বাংলাদেশেও গিয়েছিল। সেই দল থেকে আরও দু-তিনজন যোগ হয়েছে হয়তো। আমরা মালয়েশিয়াকে গুরুত্বের সঙ্গেই নিয়েছি।’
হাংঝুতে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠলেও এবার দীর্ঘ বিরতির পর মাঠে নামাটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ। তাই ম্যাচের আগে যতটুকু অনুশীলনের সুযোগ মিলছে, সেটাই কাজে লাগাতে চায় দল।
নারী দল পদক হাতছাড়া করায় পুরুষ দলের দিকে প্রত্যাশার চাপ বেড়েছে। সেই চাপকে পেশারই অংশ মনে করেন সালাহউদ্দিন, ‘এ রকম চাপ নিতেই হবে এই পেশায়। সবাই এটা নিতে অভ্যস্ত। বাংলাদেশের জন্য একটি পদক অনেক গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ ক্রিকেট দল সারা বছর আন্তর্জাতিক ক্রিকেট খেললেও এশিয়ান গেমস আসে কয়েক বছর পরপর। তাই আইসিসি’র টুর্নামেন্টের চেয়ে গেমসের আবহে বাড়তি গুরুত্ব দেখছেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘ক্রিকেটে টুর্নামেন্টের চেয়ে অবশ্যই এখানে ফোকাস বেশি। এখানে সব খেলার সব মানুষ ফলো করে।’
এদিকে আজ প্রথম কোয়ার্টার ফাইনালে হংকংয়ের মুখোমুখি হবে পাকিস্তান আর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। বৃষ্টির কারণে ম্যাচ দুটি অনুষ্ঠিত না হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধা নিয়ে সেমিফাইনালে চলে যাবে ভারত ও পাকিস্তান। ১লা অক্টোবর চিরপ্রতিদ্বন্ধী দুই দেশ সেমিফাইনালে মুখোমুখি হবে।
