আরচারিতে বাংলাদেশের সম্ভাবনা বেশি ছিল দলগত ইভেন্টগুলোতে। আগের দিন ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে ক্যারিয়ার সেরা স্কোর করে সেই আশাও জাগিয়েছিলেন রামকৃষ্ণ সাহা-বন্যারা। তবে গতকাল প্রত্যাশা ধরে রাখতে পারেননি বাংলাদেশের আরচাররা। রিকার্ভ ও কম্পাউন্ড- দুই ইভেন্টের দলগত লড়াইয়েই হতাশ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ ব্যক্তিগত ইভেন্টে নিজেদের প্রমাণের পালা তাদের। ওকাজাকি চুয়ো সোগো পার্কে ইরানের বিপক্ষে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে অবশ্য দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম সেটে ৫৯-৫৭ পয়েন্টে জয় পায় লাল-সবুজের দল। পরের সেট ৫৮-৫৮ পয়েন্টে ড্র হয়। তৃতীয় সেটে বাংলাদেশ হারে ৫৬-৫৯ ব্যবধানে। শেষ সেটে ৫৯-৫৮ পয়েন্টে জিতলেও চূড়ান্ত স্কোর হয় ২৩২-২৩২।
ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে হয় শুট-অফ। সেখানেও দুই দলই করে ৩০ পয়েন্ট। কিন্তু ইরানের তিনটি শট ছিল এক্স, বাংলাদেশের দুটি। সেই সূক্ষ্ম ব্যবধানেই পরের রাউন্ডের টিকিট পেয়ে যায় ইরান। মেয়েদের কম্পাউন্ড দলও প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছে। কাজাখস্তানের বিপক্ষে প্রথম সেট ৫৫-৫৫ পয়েন্টে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় সেটে ৫৬-৫৭ ব্যবধানে হারলেও তৃতীয় সেটে ৫৭-৫৯ পয়েন্টে জিতে লড়াইয়ে ছিল তারা। চতুর্থ সেটে ৫৮-৬০ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। চূড়ান্ত স্কোর ছিল ২২৯-২২৮। ফলে কম্পাউন্ড নারী ও পুরুষ-দুই দলই প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে আব্দুর রহমান আলিফ-মনিরা আক্তার জুটি থাইল্যান্ডকে ৬-০ ব্যবধানে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছিল। সেখানে স্বাগতিক জাপানের কাছে ১-৫ ব্যবধানে হেরে মিশন শেষ করে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে প্রি-কোয়ার্টারে ওঠার লড়াইয়ে ইরানের কাছে ১৫৮-১৫৪ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টেও ইরানের কাছে ৫-৪ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে লাল-সবুজদের। মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে জাপানকে ৫-৪ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইন্দোনেশিয়ার কাছে ৫-৩ ব্যবধানে হেরে যায় তারা।
আজ কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে রাউন্ড অব ৩২-এ নামবেন বাংলাদেশের চার তীরন্দাজ। ছেলেদের হিমু বাছাড়ের প্রতিপক্ষ কাজাখস্তানের আন্দ্রেই তাইয়ুতাইয়ুন। নেওয়াজ আহমেদ রাকিব খেলবেন ইরানের মিলাদ রশিদিদির বিপক্ষে। মেয়েদের কুলসুম আক্তার মনির প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার নিনো বনিতা প্যারেইরা। বন্যা আক্তারের প্রতিপক্ষ ইরানের গিসা বাইবরদি।
