মোহামেডানের নতুন কোচ ভারেলা এখন ঢাকায়

মোহামেডানের নতুন কোচ ভারেলা এখন ঢাকায়

ফন্ট সাইজ:

বাংলাদেশ ফুটবল লীগের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং লিমিটেড তাদের গৌরব ফেরাতে নতুন মৌসুমে বড় চমক নিয়ে হাজির হয়েছে। দলবদলে হাঁক-ডাক দিয়ে ইমানুয়েল সানডে, সুলেমান দিয়াবাতেদের মতো তারকাদের নেয়ার পর এবার ক্লাবটি উয়েফা প্রো-লাইসেন্সধারী স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলাকে ঢাকায় নিয়ে এসেছে। শনিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছেই পরদিন ক্লাব প্রাঙ্গণের সংবাদ সম্মেলনে কোচ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ‘আমি চ্যাম্পিয়ন হতেই এসেছি’। কোচ হিসেবে ২০১৮ সাল থেকে ভারতে কেরাল এফসি এবং ব্রাদার্স এফসির মতো সর্বোচ্চ স্তরের লীগের ক্লাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ভারেলার। ২০২৪ সালে তার বাংলাদেশে আসার কথা থাকলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তা হয়ে ওঠেনি।

তবে এবার মোহামেডানের প্রস্তাব পেয়ে আর ফেরাতে পারেননি তিনি। সংবাদ সম্মেলনে আর্জেন্টিনায় জন্ম নেয়া এই স্প্যানিশ কোচ বলেন, ‘আর্জেন্টিনা থেকে এসেছি, তাই বাংলাদেশে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত বিশেষ একটি বিষয়।’ গত মৌসুমে শিরোপা ধরে রাখার মিশনে পঞ্চম হওয়া মোহামেডান এবার দেশের অন্য যেকোনো ক্লাবের তুলনায় সর্বোচ্চ বাজেটের শক্তিশালী দল গড়েছে। চার বিদেশি ও জাতীয় দলের ছয়জন ফুটবলার নিয়ে গঠিত স্কোয়াড প্রসঙ্গে ভারেলা জানান, তিনি ম্যাচ ধরে ধরে এগোতে চান এবং খেলোয়াড়দের প্রতিটি পজিশনের জন্য লড়াই করতে হবে। লীগ ও ফেডারেশন কাপের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘আমি যে ক্লাবেই দায়িত্ব নিই না কেন, শিরোপার জন্য লড়াই করাই আমার মূল প্রতিশ্রুতি।’

ক্লাবের সভাপতি বরকত উল্লাহ বুলু এবং ডিরেক্টর ইন-চার্জ লোকমান হোসেন ভূঁইয়া আশা প্রকাশ করেছেন যে, ভারেলার হাত ধরে ৭০-৮০ দশকের মোহামেডানের সোনালী ঐতিহ্য ও গৌরব ফিরে আসবে। বুলু বলেন, ‘আমরা চেষ্টা করেছি মোহামেডান ক্লাবের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে। আমরা দেশের সমস্ত ক্লাবের মধ্যে সর্বোচ্চ বাজেটের দল গড়েছি। উন্নত মানের কোচ এনেছি। তাকে মোহামেডানে স্বাগত জানাই, আশা করি তার হাত ধরে মোহামেডান চ্যাম্পিয়ন হবে।’

যদিও গত সপ্তাহে মাত্র অনুশীলন শুরু করেছে দল। তাদের নিজস্ব মাঠ না থাকায় ধানমন্ডি ও মোস্তফা কামাল টার্ফই ভরসা। তবুও নতুন কোচের অধীনে মাঠে দারুণ লড়াইয়ের প্রত্যাশায় রয়েছে পুরো ম্যানেজমেন্ট ও সমর্থকদের।