অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দল সম্প্রতি ডারউইনে হার দেখায় সজাগ হয়ে উঠেছে অজি শিবির। আগামী অক্টোবরে আরেকবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এবার লড়াইয়ে নামছে দু’দেশের মেয়েরা। টাইগ্রেসদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে সতর্ক অস্ট্রেলিয়া অধিনায়ক সোফি মলিনিউ।
ডিজেন ডট নিউজ-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খেলাধুলা তো এমনই। যেকোনো দিন যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই ঘটনাটি আমাদের সবার জন্যই একটি বড় সতর্কবার্তা।’ বাংলাদেশ-অস্ট্রেলিয়া পুরুষ দলের টেস্ট সিরিজের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘সিরিজটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়া-উভয় দেশেই এটি দারুণ সাড়া ফেলেছে। আমি নিশ্চিত, আমাদের নারী দলের সিরিজটিও ঠিক তেমনই রোমাঞ্চকর হবে।’
বাংলাদেশের খেলার ধরনের প্রশংসা করে অজি অধিনায়ক বলেন, ‘আমাদের সম্ভবত এমন অনেক বিষয় নিয়ে কাজ করতে হবে। তারা একটি অত্যন্ত দক্ষ দল।
বোলিংয়ের দিক থেকে আমি মনে করি সেখানে পেস অফের বৈচিত্র্য অনেক বেশি। আমি জানি, আমরা সাধারণত বলের পেসের দিকে একটু বেশি অভ্যস্ত। তবে তাদের দলে কিছু মানসম্মত স্পিনার রয়েছে যাদের নিয়ে আমাদের কাজ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমরা প্রস্তুত আছি। তারা খুব দক্ষও বটে। আমি মনে করি আমাদের তাদের বিপক্ষে খুব ভালো বোলিং করতে হবে।’ টাইগ্রেসদের তরুণ পেসার মারুফা আক্তারের প্রশংসায় পঞ্চমুখ মলিনিউ। মারুফার স্কিল ও বোলিং বৈচিত্র্য সম্পর্কে তিনি বলেন, ‘সে অত্যন্ত প্রতিভাবান ও কৌশলগত একজন বোলার। গত দুই-তিন বছরে আমরা তাদের বিপক্ষে খেলেছি, ফলে আমাদের কিছু অভিজ্ঞতাও রয়েছে।
তবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলাটা সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা হবে এবং আমাদের সেই অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে হবে।’
আগামী ৯, ১১ এবং ১৪ই অক্টোবর ব্রিসবেনে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি। সিরিজটি দু’পক্ষের জন্যই অত্যন্ত রোমাঞ্চকর হবে বলে মনে করেন মলিনিউ। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের জন্য ভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। এটি প্রমাণ করে যে নারী ক্রিকেট কতটা এগিয়ে চলেছে যে, আজ বাংলাদেশ এখানে এসে আমাদের হোম কন্ডিশনে খেলছে। আশা করি দর্শকরা মাঠে আসবেন এবং এটি একটি দারুণ লড়াই হবে।’
