অস্কারে যাচ্ছে ‘রইদ’

অস্কারে যাচ্ছে ‘রইদ’

ফন্ট সাইজ:

৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ছবিটি নির্বাচিত হয়েছে। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ থেকে অস্কারে ছবি পাঠানোর জন্য গঠিত কমিটির পক্ষ থেকে ‘রইদ’কে নির্বাচনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়ে।

যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকায় জায়গা করে নেয় চারটি চলচ্চিত্র। সেসব ছবির মধ্য থেকে বিচার-বিশ্লেষণ করে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’কে বাংলাদেশের চূড়ান্ত নির্বাচিত সিনেমা হিসেবে ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এই আসরে বাংলাদেশের হয়ে ‘রইদ’ দেশের গল্প, সংস্কৃতি ও নির্মাণশৈলী তুলে ধরার সুযোগ তৈরি করেছে।

ছবিটির অস্কারযাত্রাকে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও সম্ভাবনাময় একটি পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ‘রইদ’ মূলত এক সাধু ও তার পাগল স্ত্রীর সম্পর্কের গল্প। নির্মাতার ভাষায়, প্রেম ও নীরবতার মধ্যদিয়ে এই ছবিতে মানব বিবর্তনের চিরন্তন আদিম প্রেমের আখ্যান তুলে ধরা হয়েছে। ছবিটির গুরুত্বপূর্ণ দু’টি চরিত্রে অভিনয় করেছেন- মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। অস্কারের জন্য নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় নাজিফা তুষি বলেন, ‘রইদ’র অস্কারযাত্রা বাংলাদেশের সিনেমার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।