সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে রুপালি জগতে এখন অন্যরকম উত্তেজনা। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটিতে আলিয়া ভাটের প্রথম ঝলক, আর তাতেই যেন সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন এই অভিনেত্রী। ক্যাবারে থিমের গ্ল্যামারাস ও মনোহারী সাজে আলিয়ার এই উপস্থিতি ইতিমধ্যেই পুরো বলিউডে আলোচনার ঝড় তুলেছে। এমনকি মুগ্ধতা লুকাতে পারেননি সত্তরের দশকের প্রখ্যাত ক্যাবারে কুইন জিনাত আমানও।
শুক্রবার প্রকাশিত দু’টি পোস্টারে আলিয়াকে দেখা গেছে মাথায় পালকের সাজ, ক্রপ টপ ও থাই-হাই স্লিট স্কার্টে। ক্যাবারে ডান্সারের রূপে আলিয়াকে দেখে জিনাত মন্তব্য করেন, এসএলবি একজন দারুণ শো-গার্লকে প্রকাশ করলেন! তিনি বলেন, এর আগে ক্যাবারে এত সুন্দর লাগেনি। জিনাতের প্রশংসায় আপ্লুত আলিয়াও। জবাবে তিনি জানান, ধন্যবাদ জিনাত ম্যাম!
ছবির শুটিং সেটে আপনাকে নিয়ে আমাদের বহুবার আলোচনা হয়েছে। তাই আপনার এই মন্তব্যটি আমার কাছে অত্যন্ত বিশেষ। আলিয়ার লুককে ‘আইকনিক’ বলেছেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ। নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর ও ভূমি পেডনেকরসহ আরও অনেকে প্রশংসা করেছেন এই লুকের। এর আগে প্রকাশ পেয়েছে রণবীরের ফার্স্ট লুক। ভিন্টেজ নীল গাড়ির পাশে সানগ্লাস ও সাদা টি-শার্টে দেখা গেছে তাকে। তবে নজর কেড়েছে রক্তাক্ত হাত। ছবিতে আলিয়া ও রণবীরের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ভিকি কৌশালও।
