বাংলাদেশের নাটক, সিনেমা ও মঞ্চের দাপুটে অভিনেত্রী তমালিকা কর্মকার তখন বিটিভি’র ‘কোন কাননের ফুল’, ‘কোথাও কেউ নেই’, ‘সারাবেলা’ নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়। আবার ‘অন্য জীবন’ নামের এক সিনেমাতেও অভিনয় করেছেন।
সেই সময়টাতেই বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি নাট্যাভিনেতা, নাট্যকার, নাট্যনির্দেশক মামুনুর রশীদ তমালিকাকে ডেকে তার নাট্যদল ‘আরণ্যক’র সঙ্গে যুক্ত করেন। ১৯৯২ সালে তমালিকা ‘আরণ্যক’র হয়ে মঞ্চে প্রথম অভিনয় করেন মামুনুর রশীদ রচিত আজিজুল হাকিম পরিচালিত ‘পাথর’ নাটকে। এরপর একে একে তাকে দেখা যায় মঞ্চের অনেক নাটকে। তমালিকা অর্ধযুগ ধরে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। তবে এবারই প্রথম তিনি যুক্তরাষ্ট্রের কোনো মঞ্চে নাটকের অভিনয় করতে যাচ্ছেন। তমালিকা জানান, আগামী ৪ঠা অক্টোবর বিকাল ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজেন্দ্রিয়ার জেফারসন স্ট্রিটের ‘সিটি অব আলেকজেন্দ্রিয়া-লি সেন্টার’-এ মঞ্চস্থ হবে তমালিকা অভিনীত মঞ্চ নাটক ‘অমানুষ’।
প্রযোজনায় আছে ‘সূচনা থিয়েটার’। যে নাটকটি আজ থেকে ৩১ বছর আগে মামুনুর রশীদ রচনা করেছিলেন। এই মঞ্চ নাটক নিয়ে তিনি কিছুটা শঙ্কিতও বটে। কারণ মামুনুর রশীদ তার পাশে নেই। তারপরও তিনি ‘অমানুষ’ নিয়ে মঞ্চে উঠবেন এবং সবার বিশ্বাস মঞ্চে আবারো দুর্দান্তরূপে দেখা যাবে তমালিকাকে। অভিনেত্রী জানান, আজ থেকে ৩০ বছর আগে একজন মামুনুর রশীদ আমাদের (বাংলাদেশের) সমাজের নানা অবক্ষয় নিয়ে এই নাটক রচনা করেছেন। তমালিকা কর্মকার বলেন, ‘অমানুষ’র শো হবে অথচ আমার পাশে শ্রদ্ধেয় মামুন আঙ্কেল নেই, যে কারণে কিছুটা ভয় পাচ্ছি। আমি জানি, তিনি আমার মাথার উপর আশীর্বাদ হয়ে আছেন। ‘অমানুষ’ করতে গিয়ে নিজের ওপর অনেক দায়িত্ব বেড়ে গেছে। আমাকে হাজার প্রতিকূলতার মাঝেও ভালো করতে হবে।
