‘ইরান সংঘাতের সমাধান করতে পারে কূটনীতি’

‘ইরান সংঘাতের সমাধান করতে পারে কূটনীতি’

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি আবার খুলে দেয়া এবং যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এরপর কেবলমাত্র কূটনীতি এই সংঘাতের সমাধান করতে পারে বলে মন্তব্য করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করেছেন। তবে ইরানের একজন শীর্ষ স্থানীয় জেনারেল যুদ্ধে জয় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, যুদ্ধ শেষ হয়নি। তবে আমরা জিতেছি। এই বিজয়কে সুসংহত করতে হবে। পাশাপাশি তিনি প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছেন। জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যতক্ষণ অর্থনৈতিক যুদ্ধ বন্ধ না করবে ততক্ষণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

এর আগে ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালি খুলতে যে চুক্তির প্রস্তাব দিয়েছে তা অগ্রহণযোগ্য। তার দাবি যুদ্ধে ভয়াবহভাবে হেরে যাচ্ছে ইরান, তাই তেহরান শুধু প্রস্তাবই দিতে পারে। এমনটা বলে হরমুজ খুলে দেয়ার যে রোডম্যাপ দিয়েছে ইরান তা প্রত্যাখ্যান করেন ট্রাম্প। এর জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, তারা শর্ত থেকে পিছপা হবেন না। এমন অবস্থায় আল জাজিরাকে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আর কোনো আস্থা নেই তেহরানের।

তার মতে, প্রতিটি আলোচনার মধ্যেই অধিক পরিমাণ হামলা ও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ইরানের বিরুদ্ধে। এরই মধ্যে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড বলেছে, তারা হরমুজ প্রণালি থেকে মার্কিন একটি ডুবো যানকে আটক করেছে। মনুষ্যহীন এই যানকে তারা অত্যাধুনিক ডুবোজাহাজ বলে আখ্যায়িত করেছে। এর নাম রেমাস ৬০০।