দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি

ফন্ট সাইজ:

জুলাই গণ-অভ্যুত্থানে কুমিল্লার মুরাদনগরের দুই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। গতকাল সন্ধ্যায় নগরীর মুন্সেফবাড়ি কার্যালয়ের সামনে দুই পরিবারের সদস্যদের মাঝে অস্ট্রেলিয়ান প্রজাতির গাভী দু’টি বুঝিয়ে দেয়া হয়। কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের সেলিম কাজীর ছেলে নাজমুল কাজী চব্বিশের গণ-অভ্যুত্থানের ১৮ই জুলাই ঢাকার কাজলা এলাকায় পুলিশের গুলিতে মারা যান। একই উপজেলার ফুলঘর গ্রামের মনির মিয়ার ছেলে আবুল হোসেন ৫ই আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান। নাজমুল কাজীর বাবা সেলিম কাজী ও আবুল হোসেনের স্ত্রী লাকি আক্তারের কাছে গরু দু’টি বুঝিয়ে দেন। পিকআপের মাধ্যমে মুরাদনগরে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন। দু’টি পরিবারকেই গরু লালন-পালনের জন্য পৃথক দু’টি ঘর নির্মাণ করে দিয়েছেন বলে জানানো হয়েছে।

গাভী উপহার প্রদানের পর মনিরুল হক চৌধুরী এমপি বলেন, বিএনপি জুলাই গণ-অভ্যুত্থানের সবচেয়ে বড় অংশীজন। জুলাইকে বিএনপি ধারণ করে লালন করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে জুলাই পরিবারদের পাশে থাকা। মুরাদনগরের এ দু’টি শহীদ পরিবার আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি বলেছি শহীদ আবুল হোসেনের স্ত্রী’কে চাকরির ব্যবস্থা করে দিতে। কিন্তু তারা চাকরি করতে অস্বীকৃতি জানায় এবং দু’টি দুধের গাভী দেয়ার জন্য বলে। তারপর গাভী রাখার জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করে দেই এবং আজ দু’টি অস্ট্রেলিয়ান জাতের গাভী তাদের বুঝিয়ে দিলাম। অসচ্ছল জুলাই শহীদ পরিবারকে সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ্।

শহীদ নাজমুল কাজীর বাবা সেলিম কাজী বলেন, আমি কুমিল্লা সদরের এমপি মনিরুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। শহীদ আবুল হোসেনের স্ত্রী লাকি আক্তার বলেন, আমার স্বামী আশুলিয়ায় ৫ই আগস্ট পুলিশের গুলিতে মারা যান। লাশটাও আমরা আনতে পারিনি। সেজন্য একজনের পরামর্শে মনিরুল হক চৌধুরী এমপি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি। তিনি নিজ থেকে আমাদের জন্য গাভী এবং গাভী লালন-পালনের জন্য ঘরও নির্মাণ করে দিয়েছেন। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক।