ওসমানীর রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের গুলি, আহত ১

ফন্ট সাইজ:

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত পরিচ্ছন্নতাকর্মীর নাম রুবেল আহমদ। দুর্ঘটনার পর তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, সকালে গাড়ি নিয়ে রানওয়েতে টহল দেয়ার সময় আনসার সদস্য মোজাম্মেল পাখি তাড়াতে নিজের কাছে থাকা শর্টগান থেকে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেলের কোমরে গিয়ে লাগে। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, আহত কর্মীর আঘাত তেমন গুরুতর নয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।