ধানমণ্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

ধানমণ্ডি ২৭ নম্বরে ঝটিকা মিছিল বের করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মিনা বাজারের সামনে পর পর দু’টি ককটেল নিক্ষেপ করে তারা। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ধানমণ্ডি শংকরের ইবনে সিনা হাসপাতালের পাশ দিয়ে মিছিল বের করে তারা। এরপর আইএসটি কলেজের পাশ দিয়ে বের হয়ে ২৭ নম্বর বাটা শোরুমের সামনে এসে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের মিছিলটি শেষ হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মঈন আহমেদ সাজিদ (২৪), মো. ইমরান হোসেন (১৯), মো. তুহিন (২৫) ও মো. ইমরান হোসেন (৩৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ইবনে সিনা হাসপাতালের পাশ থেকে শুরু হয়ে ২৭ নম্বর সড়কের বাটার বিক্রয়কেন্দ্রের সামনে গেলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ধানমণ্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ধানমণ্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করা হয় এবং একটি ব্যানার উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ঘটনাটি মোহাম্মদপুর ও ধানমণ্ডি থানার সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।