দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে চলতি বছরে ২১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২০৪, চট্টগ্রাম বিভাগে ২০৯, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০, খুলনা বিভাগে ২৪১, ময়মনসিংহ বিভাগে ১১২, রাজশাহী বিভাগে ৫৭ ও রংপুর বিভাগে ৫৩ জন রয়েছেন। এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৮৭। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৮৬ জনের মৃত্যু হয়েছে।
