ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. পরশ (৩৫) ও স্বপন চন্দ্র দাস (৫৯) নামে আরও দুই বন্দির মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কারারক্ষী আতিয়ার সেখ বলেন, শনিবার মো. পরশ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত পরশ কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন- তার কয়েদি নম্বর-২১১/এ।
কারারক্ষী আমিরুল ইসলাম বলেন, নিহত স্বপন চন্দ্র দাস কেন্দ্রীয় কারাগারে ২৩শে সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষে নির্দেশে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে তকে ২১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি দেয়া হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, নিহত স্বপন চন্দ্র দাস কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন- তার কয়েদি নং-২০৭/এ। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিপুর এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
