নড়াইলে দিনমজুরের লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

নড়াইল সদর উপজেলার দলজিৎপুর গ্রামের উসমান গনির (৪৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। একই গ্রামের একটি পুকুরপাড় হতে তার লাশ উদ্ধার করা হয়। শনিবার সকালে উসমানের লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। উসমান দলজিৎপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের মামুনের বাড়ির পাশে পুকুরপাড়ে লুঙ্গি ও গেঞ্জি পরিহিত উসমানের লাশ দেখতে পান তারা। লুঙ্গি পরা লাশের পাশে একটি ব্যাগে ৭টি নারিকেল ছিল। অনেকের ধারণা, নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

উসমান পেশায় দিনমজুর ছিলেন। উসমানের বোন আছিয়া জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উসমানকে ঘরে রান্না করতে দেখেছেন। উসমান ঘরে একা থাকতেন। তার স্ত্রী সৌদি আরব এবং দুই সন্তান নানা বাড়িতে থাকে। এদিকে অনেকেই বলেন, শুক্রবার রাত ১২টার দিকে উসমানকে তারা স্থানীয় গাড়ুচুরা বাজারে চা পান করতে দেখেছেন। নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার জানান, খবর পেয়ে উসমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।