বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল সংলগ্ন ভবন থেকে গোপন বৈঠক থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের চৌকস দল ও কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা নগরের বটতলা এলাকায় ওই অভিযান পরিচালনা করে। অভিযানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে হালিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ভবন থেকে ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি তাদের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন উল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পদধারী রয়েছে। তার ধারণা বেলা ১২টার পর তারা ঐ স্থানে জমায়েত হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের কর্মসূচি প্রণয়নের জন্য তারা একত্রিত হয়েছিলেন। ওসি আরও জানান, আটককৃতদের মোবাইল ট্র্যাকিং চলছে। আটককৃতরা নগরীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলেও তিনি মনে করছেন।
