দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা (৫০) নামে একজন কৃষক নিহত হয়েছেন। শনিবার উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিফাত মোল্লা শেহালা মাঠপাড়া গ্রামের মৃত দবির মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে মাঠে বের হন কৃষক কিফাত মোল্লা। মাঠের ভেতরে একটি ফাঁকা সড়কে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে মাঠের লোকজন সড়কের ওপর পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কৃষক কিফাত মোল্লাকে মৃত ঘোষণা করেন।
নিহত কিফাত মোল্লার মেয়ে সুমাইয়া আক্তার জানান, তার বাবা গরুর জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন তাকে সড়কের ওপর পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পুলিশের একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
