সিলেট বিভাগে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন লতিফা নিলুফার পাপড়ি। ৫ই অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদ্যাপন উপলক্ষে সিলেট বিভাগে প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে তিনিসহ শীর্ষ ৩ জন গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি উপজেলা ও জেলা পর্যায়ের বাছাই শেষে চূড়ান্ত তালিকায় তিনি বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) এ.কে.এম. সাইফুল হাসান স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে চূড়ান্ত নির্বাচনের বিষয় জানানো হয়।
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নিলুফার জানান, এ স্বীকৃতি নিঃসন্দেহে তার জন্য সম্মানের। তবে এই স্বীকৃতিকে তিনি কখনোই একার অর্জন বলে মনে করেন না। সহকারী শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বলেন, প্রশাসন হয়তো তাকে গুণী শিক্ষক হিসেবে নির্বাচন করেছেন। কিন্তু প্রতিদিনের কর্মযাত্রায় একজন ভালো শিক্ষক হয়ে ওঠার সাহস ও অনুপ্রেরণা সহকর্মীরাই দিয়েছেন। শ্রেণিকক্ষের সফল পাঠদানের পাশাপাশি লতিফা নিলুফার একাধারে একজন প্রাবন্ধিক, কবি ও সাহিত্যিক। এর আগেও ২০২২ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। নিলুফার পাপড়ির স্বামী মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট ছড়াকার ও কলামিস্ট আবদুল হামিদ মাহবুব।
