‘বিশ্ব নদী দিবস’ পালনে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী’ বাংলাদেশ তিতাস নদীতে বর্ণাঢ্য নৌ-র্যালি করেছে। শনিবার সকাল ১১টায় শহরের তিতাস নদীর আনন্দ বাজার ঘাট থেকে নৌ-র্যালিটি শুরু হয়ে ভাদুঘর বাজার ঘাট এবং পরে আবার আনন্দ বাজার ঘাটে ফিরে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম মমিনুল হক। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই আমাদের উচিত জনগণকে সঙ্গে নিয়ে নদীর দখল-দূষণ দূর করা। সারা দেশে নদী ও পরিবেশ সুরক্ষায় সরকারও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ছাড়াও বক্তব্য রাখেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। র্যালিতে তরী বাংলাদেশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
