বান্দরবান সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবন উদ্বোধন

ফন্ট সাইজ:

বান্দরবান সরকারি মহিলা কলেজের নবনির্মিত ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন। এ সময় বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. রেয়াজুল হক এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে পার্বত্যমন্ত্রী কলেজের বিভিন্ন কক্ষ ও শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

উদ্ধোধন শেষে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, এ অঞ্চলে কোনো শিক্ষার্থী যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিতকরণ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্ব দেয়া হচ্ছে। শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে পারলে পার্বত্য চট্টগ্রামকে উন্নত, সমৃদ্ধ ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। নবনির্মিত একাডেমিক ভবন প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করে।

নতুন এই ভবনের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান এবং সহশিক্ষা কার্যক্রম পরিচালনায় কলেজ কর্তৃপক্ষকে আরও আন্তরিক হতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
শিক্ষা প্রকৌশল সূত্রে জানা গেছে, ৭ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দে ছয়তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বান্দরবান ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করেছে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।