টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দুইটি মোবাইল ফোনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শনিবার সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড সংলগ্ন এক বসতঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এবং সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক সংবাদের সত্যতা নিশ্চিত করে শনিবার বিকালে জানান, গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এসআরবি-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুরুল হুদার বসতঘরে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করা হয়েছে।

সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ছ’টার দিকে আভিযানিক দলটি ওই ঘরে অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেয়া তথ্য ও নিজ হাতে বের করে দেয়া মতে, বসতঘরের সানসেডের ওপর লুকানো একটি প্লাস্টিকের বস্তা থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের তিন ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) এবং মো. ইয়াছিন (২৫)। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।