কানাইঘাটের বহু কাক্সিক্ষত বুরহান উদ্দিন রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার বিকালে রাজাগঞ্জ ইউনিয়নের দাওয়াধারী গ্রাম সংলগ্ন স্থানে রাস্তার সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী রাজাগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।
রাজাগঞ্জ শাহী ঈদগাহ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি অলি আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, রাস্তাটির বেহাল অবস্থা দেখে আমি হতবাক, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল রাস্তাটি। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, এই রাস্তাটি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল। জনগণের দুর্ভোগ লাঘবে আমরা কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে কানাইঘাটের প্রতিটি রাস্তা সংস্কার করা হবে।
কাজের মান নিয়ে কোনো আপস করা হবে না। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। উপস্থিত ছিলেনÑ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, কানাইঘাট উপজেলা বিএনপি’র সভাপতি মামুন রশীদ প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, জমিয়ত ও খেলাফতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
