জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘দুনিয়াতে সবার পড়াশোনা করতে হবে না, সবার ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে না। কিন্তু একজনও মাদকাসক্ত, দুর্নীতিগ্রস্ত বা খারাপ মানুষ হওয়া যাবে না। আমাদের চাওয়া একটাইÑ তুমি বিপথে যাবে না। বিদেশে যাও, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হও কিংবা পছন্দের যেকোনো পেশায় যাও, কিন্তু অপরাধ বা মাদকের সঙ্গে যুক্ত হওয়া যাবে না।’
শনিবার সকাল ১১টায় দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ‘এ প্লাস’ ও ‘গোল্ড’ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেবিদ্বারের কিশোর গ্যাং কালচার নিয়ে তিনি বলেন, গতকালও দেবিদ্বারের কয়েকজন কিশোরকে গ্যাং কালচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এদের মধ্যে স্বনামধন্য বিভিন্ন স্কুলের শিক্ষার্থীও রয়েছে। কুমিল্লার পুলিশ সুপার যখন ফোন করে দেবিদ্বারের কোনো ছেলের গ্রেপ্তারের খবর দেন, তখন আমি লজ্জিত হই। শিক্ষার্থীদের সুযোগের সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কী হতে চাও।
তুমি প্রজাপতি হবে, মৌমাছি হবে, নাকি ভ্রমর হবেÑ সেই পথ তোমাকেই নির্ধারণ করতে হবে।’ দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর এবং সাবেক শিফট ইনচার্জ জামাল মো. কবীর।
