জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের মুখোমুখি ধাক্কায় আকাশ হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের পাঁচবিবি শহরের নাকুরগাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার মো. নজরুল ইসলামের ছেলে ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আকাশ মোটরসাইকেলে করে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় হিলি থেকে পাবনাগামী ‘সৌমিক পরিবহন’ নামের একটি বাস বিপরীত দিক থেকে এসে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।
এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আকাশকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাঁচবিবি থানার ওসি মো. তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
