দীর্ঘদিন ধরে ঝুলে থাকা গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি প্রকল্প দ্রুত শেষ করে চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সকালে নগরের চান্দনা চৌরাস্তার এই কর্মসূচিতে আয়োজকদের মূল দাবি ছিল বরাদ্দকৃত ও অনুমোদিত ১৮৭টি আধুনিক এসি বাস দ্রুত চালু করতে হবে। অন্যটি বিআরটি প্রকল্প ভেঙে বা বাতিল করে নতুন করে সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া যাবে না। জাগ্রত চৌরঙ্গী মোড়ে মানববন্ধন শেষে তারা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন। কর্মসূচিতে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার নাগরিক প্রতিনিধিগণ অংশ নেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে প্রকৌশলী শামসুল হক, এডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল, প্রভাষক আইরিন সুলতানা, মাওলানা ফরহাদ হোসেন, রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন। তারা বলেন, দীর্ঘ ১৪ বছরেও প্রকল্পের পুরো কাজ শেষ হয়নি। এখন প্রকল্পটি বাতিল বা ভেঙে নতুন করে কাজ শুরু করা হলে গাজীপুরবাসীকে আরও কয়েক বছর ভোগান্তিতে পড়তে হতে পারে। বাড়তে পারে যানজট, দুর্ভোগে পড়তে পারেন প্রতিদিনের যাত্রী ও পরিবহন ব্যবহারকারীরা। তাদের ভাষ্য, প্রকল্পের কাজ দ্রুত শেষ করে চালু করা হলে গাজীপুরের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক হবে। পাশাপাশি সড়কে যানজট ও যাত্রী ভোগান্তিও কমবে বলে আশা করছেন তারা।
