নবীনগরে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত রুবেল (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানো হয়েছে। নিহত রুবেল টিয়ারা গ্রামের জয়দিল ভাণ্ডারীর ছেলে। এর আগে একই সংঘর্ষের ঘটনায় আহত আরও এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ নিয়ে টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ই আগস্ট টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর পরই এ ঘটনায় নবীনগর থানায় মামলা করা হয়। নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় আগেই থানায় মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানো হয়েছে।