ডোমারে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবরোধ

ডোমারে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবরোধ

ফন্ট সাইজ:

নীলফামারীর ডোমারের মির্জাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর এক্সপ্রেস ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফরম চালুর দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রেলওয়ে ও প্রশাসনের আশ্বাসের পর আন্দোলনকারীরা দুই মাসের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করলে প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ রেলস্টেশন এলাকায় এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা জানান, রেলস্টেশনটি গুরুত্বপূর্ণ হলেও তিতুমীর এক্সপ্রেস ও বরেন্দ্র এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী, বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুর বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন তারা। আলোচনা শেষে শায়লা সাঈদ তন্বী বলেন, দাবিগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। জনগণের দুর্ভোগ কমাতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। রেলওয়ে ও প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।