ফেনীতে মিছিলের প্রস্তুতির বৈঠক, গ্রেপ্তার ৬

ফন্ট সাইজ:

ফেনী শহরের পূর্ব উকিল পাড়ায় মিছিলের প্রস্তুতি ও গোপন বৈঠকের অভিযোগে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হলেও রাতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- আবুল কালাম মিনার (৪৩), মো. ফাহিম (১৯), মো. রাসেল (২১), আবদুর রহমান (১৯), শরিফুল ইসলাম আশিক (২০) ও নিজাম উদ্দিন মাহমুদ (২৬)। পুলিশ জানায়, ফেনী জেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াউল আলম মিস্টারের ভাই ও বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম মিনারের পূর্ব উকিল পাড়ার বাসায় কয়েকজন যুবক গোপন বৈঠকে মিলিত হয়।

সেখানে তারা অস্থিতিশীলতা সৃষ্টির জন্য মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো। পুলিশ বিষয়টি জানতে পেরে শুক্রবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জাবেদ মাহমুদ বলেন, আটককৃতরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সদস্য। তারা ফেনীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো।