মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার শিশুকন্যা নিহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে সনিয়া (২৬) ও তার ১০ মাস বয়সী মেয়ে জান্নাত। সনিয়ার স্বামী মো. আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত। তিনি দৌলতপুর উপজেলার খলসী গ্রামের বাসিন্দা। জানা যায়, সাতদিনের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন আবুল হোসেন।
স্ত্রী’র মাস্টার্স ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ায় শনিবার সকালে তারা মোটরসাইকেলে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন। টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সনিয়া ও তার মেয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক সনিয়াকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটিও। টাঙ্গাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উথলী এলাকা থেকে আটক করে থানায় নেয়া হয়েছে। চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
