বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অমান্য করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৮৯ কর্মচারীকে অর্গানোগ্রাম বহির্ভূত বিভিন্ন পদে আপগ্রেডেশন দেয়ার বিষয়টি অডিটে ধরা পড়েছে। এসব আপগ্রেডেশন বাতিল করে এ বাবদ দেয়া অর্থ আদায়ের নির্দেশ দিয়েছে ইউজিসি। ইউজিসি’র বাজেট অ্যাসেসমেন্ট টিমের ২০২৫ সালের ১৬ ও ১৭ই নভেম্বর বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় বিষয়টি ধরা পড়ে। ইউজিসি’র ২০২০ সালের ১৩ই সেপ্টেম্বরের জনবলসংক্রান্ত নির্দেশনায় অর্গানোগ্রাম বহির্ভূত পদে নিয়োগ বা পদোন্নতি না দেয়ার নির্দেশনা রয়েছে। ইউজিসি সূত্র জানায়, নির্দেশনা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপগ্রেডেশন নীতিমালা তৈরি করে সিন্ডিকেটে অনুমোদন নেয়।
পরে ১১৩তম সিন্ডিকেট সভায় ২৮৯ কর্মচারীকে বিভিন্ন পদে আপগ্রেডেশন দেয়া হয়। ২০২৪ সালের ২৪শে জানুয়ারি ইউজিসি বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়। অডিট প্রতিবেদনে আপগ্রেডেশনগুলো বাতিল, এ বাবদ দেয়া অর্থ আদায় এবং গৃহীত ব্যবস্থা কমিশনকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, প্রমোশনের জন্য আমাদের অর্গানোগ্রাম সংশোধন হয়েছে। এটি পাস করার জন্য পাঠানো হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, তারা অনেক বছর ধরে চাকরি করছেন, কিন্তু পদোন্নতি পাচ্ছেন না। এজন্য আমরা পদোন্নতি দিয়েছি। তবে নতুন করে কোনো বেতন বৃদ্ধি করা হচ্ছে না।
